২০২৬ সালে নিট আমানতে পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে ওয়ান ব্যাংক পিএলসি। এই সাফল্যের ফলে চলতি বছরে ব্যাংকটির আমানত প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক ব্যাংকিং খাতের গড় প্রবৃদ্ধির হারের প্রায় দ্বিগুণ।
বুধবার (৪ নভেম্বর) ওয়ান ব্যাংক পিএলসির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন ব্যাংকটির প্রতি গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থা, শক্তিশালী রিটেইল ব্যাংকিং কার্যক্রমের অবস্থান এবং উন্নত গ্রাহকসেবা ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকটির ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে ওয়ান ব্যাংক সম্প্রতি একটি স্বতন্ত্র ‘ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ’ প্রতিষ্ঠা করেছে। এর মাধ্যমে পেমেন্ট, কালেকশন ও তারল্য ব্যবস্থাপনাসহ ক্যাশ ম্যানেজমেন্ট সেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে পরিচালিত চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে একটি স্বতন্ত্র ‘চায়না করিডোর ডেস্ক’ চালু করা হয়েছে। এছাড়া ডিজিটাল বাংলাদেশ ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকটি সফলভাবে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবা চালু ও সম্প্রসারণ করছে।
এ অর্জন প্রসঙ্গে ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ২০২৬ সালে নিট আমানতে পাঁচ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি অর্জন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি শক্তিশালী ও অধিকতর স্থিতিশীল ওয়ান ব্যাংক গড়ে তোলার পথে উল্লেখযোগ্য অগ্রগতি। এই সাফল্য গ্রাহকদের অব্যাহত আস্থা, ব্যাংকের শক্তিশালী ভিত্তি এবং কর্মীদের নিষ্ঠারই ফল।
তিনি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-সহ সব নিয়ন্ত্রক সংস্থার ধারাবাহিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা, ট্রানজ্যাকশন ব্যাংকিং সক্ষমতা বাড়ানো এবং উদ্ভাবনী সেবার মাধ্যমে বাংলাদেশের একটি বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে তারা বদ্ধপরিকর।