লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়নের সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক রিক্ত

ভোলা জেলার অন্যতম পরিচিত অরাজনৈতিক ও অলাভজনক ছাত্র সংগঠন লালমোহন স্টুডেন্টস’ ইউনিয়নের (এলএসইউ) ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর মনোনয়ন ও অনুমোদনের ভিত্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম শাহরিয়ার মাহিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম রিক্ত।

রোববার (৮ নভেম্বর) ২০২৬) সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিদায়ী (২০২৬-২৭) মেয়াদের সভাপতি মো. সম্রাট বিজয় ও সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম (আকিফ) নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান এবং পূর্ববর্তী কমিটির সদস্যদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘোষিত নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন অরিত্র হালদার, হাবিবুর রহমান ও সামি পাটোয়ারী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্রারুল হক সাইমুন, জিহাদ হাসান আবির, তামজিদ হোসাইন সিয়াম, মারুফ হাসান তারেক, রাইসুল ইসলাম, মো. হোজাইফা ও আরিফুর রহমান। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাজমির হোসেন, মেসবাহ আবিদ, মিনহাজুল আরাফিন, আবদুল্লাহ জেমাদ ফাহিম, জাহিদুল ইসলাম ও নূর আহমেদ সিয়াম দায়িত্ব পালন করবেন।

২০০৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ, শিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক মানবকল্যাণে কাজ করে আসছে। ‘একা নয়, যৌথ প্রয়াসে এগিয়ে যাবো, বন্ধুর হলেও সে পথেই পা বাড়াবো’—এই মূল স্লোগানকে সামনে রেখে পরিচালিত সংগঠনটি আগামী ২০২৭ সালে প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ করতে যাচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।