শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এক আর্ট ওয়ার্কশপের আয়োজন করেছে ইতালিভিত্তিক অলাভজনক সংগঠন ‘কালারস ফর পিস বাংলাদেশ’।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার ইতালি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘শান্তি বলতে তুমি কী বোঝো’ প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক পটভূমির ৫০ জন শিশু অংশ নেয়। যাদের মধ্যে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুরাও অন্তর্ভুক্ত ছিরো। শিশুরা ছবি আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা ও কল্পনায় শান্তির বার্তা ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এছাড়া আরও উপস্থিত ছিলেন—ইতালি দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি, কালারস ফর পিসের প্রতিষ্ঠাতা ও সভাপতি আন্তোনিও জান্নেল্লি, দক্ষিণ এশিয়া প্রকল্পের পেডাগজিক্যাল কো-অর্ডিনেশনের প্রধান আদ্রিয়ানা গ্রিসপো, নেপালে সংগঠনটির অ্যাম্বাসাডর অজয় দেশার এবং বাংলাদেশে সংগঠনটির অ্যাম্বাসাডর তানজিমা তাবাচ্ছুম এশা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্ট্রিট চিলড্রেন এক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে ‘শান্তি প্রতিষ্ঠায় চারুকলায় শিশুদের সম্পৃক্ততার ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিজ্যুয়াল আর্টিস্ট ও কালারস ফর পিস বাংলাদেশের অ্যাম্বাসাডর তানজিমা তাবাচ্ছুম এশা। প্রবন্ধের ওপর আলোচনা করতে গিয়ে তিনি কালারস ফর পিসের ভাইস প্রেসিডেন্ট মিরিয়াম ক্রুইশিয়ার এবং পিএসডিআই কনসালট্যান্সির ব্যবস্থাপনা পরিচালক ইসহাক ফারুকীকে ধন্যবাদ জানান।
তানজিমা তাবাচ্ছুম এশা বলেন, চারুকলায় শিশুদের অংশগ্রহণ শুধু তাদের সৃজনশীল বিকাশেই ভূমিকা রাখে না, বরং সহমর্মিতা, বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরির মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি করে। শিল্পকলা ভৌগোলিক ও সাংস্কৃতিক বিভাজন অতিক্রম করে মানুষকে কাছাকাছি আনতে পারে।’
এ সময় দক্ষিণ এশিয়ার শিশুদের নিয়ে ‘চিলড্রেন অব সাউথ ইন্ডিয়া/সাউথ এশিয়া ড্র পিস’ উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে নিয়মিত শান্তিবিষয়ক কর্মশালা এবং বাংলাদেশ ও ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের প্রস্তাব দেওয়া হয়।
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো। আজকের শিশু পিস অ্যাম্বাসেডররা যে ছবিগুলো এঁকেছে, তা ইতালির সুন্দর স্থানে প্রদর্শিত হবে। আমি বিশ্বাস করি, ছোটবেলা থেকেই শান্তি চর্চা করলে তারা বড় হয়েও তা বজায় রাখবে।
দূতাবাসের উপপ্রধান ফেদেরিকো জামপারেল্লি বলেন, শিশুরা শুধু নিজেদের ছবিই আঁকেনি, বরং অন্যের ভাবনা বোঝার চেষ্টা করেছে।
কালারস ফর পিসের প্রেসিডেন্ট আন্তোনিও জান্নেল্লি জানান, বর্তমানে ১৫২টি দেশের পিস অ্যাম্বাসেডরদের নিয়ে কাজ করছে এই সংগঠন এবং তারা বাংলাদেশের সাথে শান্তি প্রতিষ্ঠায় আরও কাজ করতে আগ্রহী।
২০১৫ সালের মার্চে প্রতিষ্ঠিত ‘কালারস ফর পিস’ শিল্প, আশা ও সংহতির মাধ্যমে শিশুদের মধ্যে শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়।