ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি এবং অন্যান্য রাজস্ব ও ফি এখন থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে।
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।
এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির এফসিএস, হেড অব রিটেইল অ্যান্ড সিএমএসএমই ব্যাংকিং এস এম এমদাদুল হক, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস ডিপার্টমেন্টের প্রধান নাজিয়া খানমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের মাধ্যমে ডিএনসিসির রাজস্ব সংগ্রহ কার্যক্রমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক যুক্ত হলো। এর ফলে নাগরিকদের রাজস্ব পরিশোধ সহজ হবে। পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে রাজস্ব ও সরকারি ফি আদায়ের কার্যক্রম আরও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।