মোবাইল ইন্টারনেট কবে ফিরবে, জানালো বিটিআরসি

কোটাবিরোধী আন্দোলন ঘিরে ব্যাপক নাশকতা ও সহিংসতার মধ্যে বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইন্টারনেট আবার কবে থেকে সচল হবে, তা জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হলেও এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে সেজন্য পরীক্ষা নিরীক্ষা করছি।

সবকিছু ঠিকঠাক থাকলে রবি-সোমবারের মধ্যে মোবাইল ইন্টারনেট চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান।

শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। এর আগের দিনও একই রকম ইঙ্গিত দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

কোটা সংস্কার আন্দোলন সহিংস রূপ নেয়ার পর গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

এর পরের সারাদেশে ব্যাপক নাশকতা ও তাণ্ডবের মধ্যে ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।  এর আগেই সন্ত্রাসীরা পুড়িয়ে দেয়া হয় ডাটা সেন্টার পুড়িয়ে এবং হামলা চলে সাবমেরিন ক্যাবলে।

পাঁচদিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। তবে এই সেবা পুরোপুরি পেতে আরও কিছুসময় ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

ইন্টারনেটের গতি আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।