সব কাজে গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারকে আরও জোরদার করতে ‘পথে পথে’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার গ্রামীণফোনের সব স্তরের কর্মীরা সারা দেশের বিভিন্ন মার্কেট ও কাস্টমার টাচপয়েন্টে সরাসরি উপস্থিত হন।
গ্রাহকদের আরও কাছাকাছি যাওয়া, তাঁদের বাস্তব অভিজ্ঞতা শোনা এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া চাহিদা ও প্রত্যাশাগুলো ভালোভাবে বোঝাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোনের সব স্তরের কর্মীরা গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে অবগত হন। এই সরাসরি মতবিনিময়ের ফলে গ্রাহকদের কাছে কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বোঝা, তাঁদের মতামত শোনা এবং সেবাগুলোকে কীভাবে আরও সহজ, প্রাসঙ্গিক ও সুবিধাজনক করা যায়, সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে।
গ্রাহকের দৃষ্টিভঙ্গি থেকে বাজারকে দেখা এবং প্রাপ্ত অভিজ্ঞতাগুলো নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর মাধ্যমে পুরো প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক মানসিকতা গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টারই প্রতিফলন এই উদ্যোগ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে রয়েছেন গ্রাহকরা। ‘পথে পথে’ উদ্যোগের মাধ্যমে আমাদের সব কর্মী গ্রাহকদের আরও কাছাকাছি আসার, তাঁদের কথা শোনার এবং সরাসরি তাঁদের অভিজ্ঞতা বোঝার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, এই সরাসরি যোগাযোগ আমাদের গ্রাহকদের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা বুঝতে এবং আমাদের সেবাগুলোকে আরও প্রাসঙ্গিক, সহজলভ্য ও অর্থবহ করে তুলতে সাহায্য করে। আমরা বিশ্বাস করি, ভালো সেবাদাতা হয়ে ওঠার প্রথম ধাপ হলো ভালো শ্রোতা হওয়া; আর গ্রাহকদের সঙ্গে প্রতিটি যোগাযোগে আমাদের এই অঙ্গীকারের প্রতিফলন থাকতে হবে।
পদমর্যাদা নির্বিশেষে প্রতিটি কর্মীই যে গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ‘পথে পথে’ উদ্যোগটি প্রতিষ্ঠানের সেই সংস্কৃতিকেই আরও দৃঢ় করেছে। মনোযোগ দিয়ে শোনা, প্রতিনিয়ত শেখা, গ্রাহকদের মতামতের ভিত্তিতে কাজ করার মাধ্যমে তাদের জন্য আরও সহজ, প্রাসঙ্গিক ও অর্থবহ অভিজ্ঞতা নিশ্চিত করতে গ্রামীণফোন সব সময় প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।