মানবসৃষ্ট প্রথম মহাকাশযান হিসেবে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল নাসার ৪৯ বছর বয়সী নভোযান ভয়েজার-১; পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। বুধবার, এটি পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’ বা এক আলোক-দিবস দূরত্বে পৌঁছানোয় এই মাইলফলক স্পর্শ করে।
আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বেগে ছোটে। সেই হিসাবে ২৪ ঘণ্টায় আলো পাড়ি দেয় প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার (বা ১ হাজার ৬১০ কোটি মাইল)।
নাসার তথ্য অনুযায়ী, আলো এক দিনে যতটুকু দূরত্ব অতিক্রম করে, ভয়েজার-১ এখন পৃথিবী থেকে ঠিক ততটাই দূরে অবস্থান করছে। এর ফলে এখন পৃথিবী থেকে কোনো রেডিও সিগন্যাল বা নির্দেশনা পাঠালে সেটি ভয়েজার-১-এ পৌঁছাতে পুরো ২৪ ঘণ্টা সময় লাগবে। আর, সেই বার্তার ফিরতি জবাব পৃথিবীতে এসে পৌঁছাতে সময় লাগবে আরও ২৪ ঘণ্টা, অর্থাৎ যোগাযোগের একটি পূর্ণ চক্রে সময় লাগবে মোট ৪৮ ঘণ্টা।
১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমায় ভয়েজার-১। শুরুতে এর মূল লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহ এবং তাদের উপগ্রহগুলো পর্যবেক্ষণ করা। সেই মিশন সফলভাবে শেষ করার পর নভোযানটি অজানা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে। ২০১২ সালের আগস্ট মাসে প্রথম মানবসৃষ্ট মহাকাশযান হিসেবে এটি সৌরজগতের সীমানা (হেলিওস্ফিয়ার) পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে (ইন্টারস্টেলার স্পেস) প্রবেশ করে। বর্তমানে এটি প্রতি সেকেন্ডে প্রায় ১৭ কিলোমিটার বেগে অসীম মহাকাশের দিকে ছুটে চলেছে।
এদিকে, ভয়েজার-১ এর সাথে রয়েছে বাংলারও যোগসূত্র। নভোযানটিতে পৃথিবীর পক্ষ থেকে একটি ‘গোল্ডেন রেকর্ড’ সংযুক্ত করা হয়েছে। মহাকাশে বহির্জাগতিক কোনো বুদ্ধিমান প্রাণের সন্ধান মিললে তাদের কাছে পৃথিবীর পরিচয় তুলে ধরতেই নাসা এই উদ্যোগ নেয় । এতে পৃথিবীর প্রকৃতির শব্দ, সংগীত ও বাংলা সহ ৫৫টি ভাষার শুভেচ্ছা বার্তা সংরক্ষিত আছে।
প্রায় অর্ধশতাব্দী ধরে চলতে থাকা এই নভোযানটি প্লুটোনিয়াম ভিত্তিক রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটরের সাহায্যে শক্তি সংগ্রহ করে। সময়ের সাথে সাথে এর জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কমে আসছে। নভোযানটিকে যতদিন সম্ভব সচল রাখতে নাসার প্রকৌশলীরা এর অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ও হিটারগুলো একে একে বন্ধ করে দিচ্ছেন। বিজ্ঞানীদের আশা, জ্বালানি পুরোপুরি শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ২০৩০-এর দশকের শুরু পর্যন্ত ভয়েজার-১ পৃথিবীতে অমূল্য বৈজ্ঞানিক তথ্য পাঠিয়ে যাবে।