মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদারীপুর সদর থানার একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সমতা ট্রেডার্সের অপারেশন ম্যানেজার এএফএম আহসানুল হাবিব ও কর্মকর্তা মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আহসানুল হাবিব ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দোগাছিয়া এলাকার বাসিন্দা এবং নুরুজ্জামান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর এলাকার বাসিন্দা।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যসহ এ পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার দুই কর্মকর্তা স্কুল ফিডিং প্রকল্পের খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে যে, শিক্ষার্থীদের জন্য নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্ব রয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, স্কুল শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না। তদন্তে যারাই জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদে নানাকে কুপিয়ে হত্যা
৩০ জুনের মধ্যে ডিএসসিসি’র বকেয়া পৌরকর পরিশোধে ১৫ শতাংশ সারচার্জ মওকুফ