ফেসবুকে তসলিমা নাসরিনের 'পুনরুত্থান'

অবশেষে নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে অ্যাকাউন্ট ফিরে পেয়েই সেখানে স্ট্যাটাস দিয়েছেন ‘পুনরুত্থান’।

মঙ্গলবার বিকেলে তসলিমা নাসরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে দেখা যায় সেটি  ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সাধারণত কারো মৃত্যুর পর এভাবে অ্যাকাউন্ট 'রিমেম্বারিং' করে ফেসবুক।

‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন’- এমন এক বার্তা দেখা যাচ্ছিল তার অ্যাকাউন্টে গেলে। 

আরও পড়ুন: স্ত্রীকে কুপিয়ে হত্যায় স্বামী আটক

জানা যায়, নিজের মৃত্যু অনুভূতি প্রকাশ করে এক ফেসবুকে পোস্ট দেন বর্তমানে ভারতে বসবাসকারী এই নির্বাসিত লেখিকা। ওই পোস্ট দেওয়ার পর একদিন পেরুতেই তাকে মৃত দেখাতে শুরু করে ফেসবুক। 

সাধারণত, কেউ মারা গেলে তার ফেসবুক অ্যাকাউন্ট 'রিমেম্বারিং' করতে হলে ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। তা যাচাই-বাছাইয়ের পরই পদক্ষেপ নেওয়া হয়। তবে এক্ষেত্রে ঠিক কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।


একাত্তর/জো