ওমিক্রনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিতে পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাড়তি সাত লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে। রেস্টুরেন্ট ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এই গ্রান্টের জন্য আবেদন করতে পারবেন।
স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) টাউন হলে গণমাধ্যমকে সরকারি এই সহায়তার কথা জানান মেয়র জন বিগস।
এদিকে আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ সময় হলেও পূর্ব লন্ডনের অনেক বাঙালি ব্যবসায়ী জানেন না তারা আবেদনের যোগ্য।
হোয়াইট চ্যাপেলের ক্ষুদ্র ব্যবসায়ী ফয়সল আহমেদ বাপ্পী বলেন, গত ডিসেম্বরে ওমিক্রন ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। এই সঙ্কট মোকাবেলায় সরকারি সহায়তা পাবেন কিনা তা তিনি বুঝতে পারছেন না।
অন্যদিকে ব্রিক লেনের রেস্টুরেন্ট ব্যবসায়ী মোতাবিবর আলী বলেন, ওমিক্রনে বিজনেস গ্রান্টের জন্য আবেদন করলেও কাউন্সিল থেকে এখনও কোনো সাড়া পাননি।
তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস বলছেন, এডিশনাল রেসট্রিকশন গ্রান্ট নামে এই সহায়তার জন্য আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি।
কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মতিনউজ্জামান এক সংবাদ সম্মেলনে বলেন, ইতিপূর্বে কাউন্সিল তিন মিলিয়ন পাউন্ড গ্রান্ট বিতরণ করেছে। ওমিক্রনে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়তি সাত লাখ পাউন্ড বরাদ্দ রেখেছে সরকার।
মেয়র জানিয়েছেন, নির্দিষ্ট রেট প্রদানকারী রেস্টুরেন্ট, জিম, স্পোর্টস, পারসোনাল কেয়ার ব্যবসাগুলো ৩০ ডিসেম্বর তারিখে খোলা ছিলো, শুধুমাত্র তাদের আবেদনই বিবেচনা করা হবে। যে সকল প্রতিষ্ঠানে দেউলিয়া ও স্ট্রাইকিং অব নোটিশ প্রদান করা হয়েছে তারা আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু খানিকটা কমলেও বাড়ন্ত সংক্রমণ
তিনি আরও জানান, ইতিপূর্বে গ্রান্ট গ্রহণকারী যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান সাবসিডি এ্যালাউন্সের লিমিট অতিক্রম করেছে তারাও এই অনুদানের জন্য আবেদন করতে পারবে না।
একাত্তর/এসি