কলকাতার সিবিআই আদালতে পিকে গংদের তোলা হবে আজ

বাংলাদেশ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া পি. কে হালদারসহ ছয় অভিযুক্তকে আজ (মঙ্গলবার) কলকাতার আদালতে তোলা হবে।

সূত্র জানায়, ১১ দিন জেল হেফাজতে থাকার পর মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাদের কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে তোলা হবে।

সূত্রটি জানায়, ইডির পক্ষ থেকে অভিযুক্তদের আবারও জেল হেফাজতের আবেদন জানানো হবে।

এর আগে গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পি. কে হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমেনা সুলতানা ওরফে শর্মী হালদারকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

এরপর দুই দফায় মোট ১৩ দিন ইডি রিমান্ডের নির্দেশ দেয় আদালত। এ সময় নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পায় ইডি।

পরে ১৩ দিনের ইডি রিমান্ড শেষে গত ২৭ মে আদালত তাদের ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।  

আরও পড়ুন: তথ্য সংশোধনের পর সীতাকুণ্ডে নিহতের সংখ্যা ৪১

পি. কে হালদারকে জিজ্ঞাসাবাদে ইডির কর্মকর্তারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, শুধু অশোকনগর বা পশ্চিমবঙ্গ নয়, পি. কে হালদার এবং তার সহযোগীরা গোটা ভারত জুড়ে প্রতারণার জাল ছড়িয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ সম্পত্তিরও হদিস পাওয়া গেছে। অর্থ আত্মসাতের একটা বিশাল অংশ বিনিয়োগ করা হয়েছে আবাসন খাতে। কলকাতা এবং তার উপকণ্ঠে এমন একাধিক সংস্থার খোঁজ পেয়েছে যেগুলো পি. কে হালদার বা তার সহযোগীদের হাতেই গড়ে উঠেছে। যদিও সেই আয়ের উৎস পি. কে হালদার বা তার সহযোগীরা দেখাতে পারিনি।


একাত্তর/এসি