বাংলা কবিতার বরপুত্র কবি শহীদ কাদরীর দীর্ঘদিনের বাস ছিল নিউইয়র্ক। এই শহর থেকেই চিরবিদায় নিয়েছিলেন তিনি। আগস্ট মাসে জন্ম এবং মৃত্যু বাংলা ভাষার অন্যতম এই কবির। প্রিয় কবিকে স্মরণ করার জন্য নিউইয়র্কে আয়োজন করা হয়েছিল অনবদ্য একটি অনুষ্ঠানের।
শনিবার সন্ধ্যায় জ্যামাইকার মেরি লুই একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ডায়াস্পোরা নামে একটি সংগঠন।
কবি তার জীবনকালে নিউইয়র্কে ‘একটি কবিতা সন্ধ্যা’ নামে নিয়মিত অনুষ্ঠান করতেন। বিভিন্ন সময়ে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন অসংখ্য কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী। তাদের মধ্য থেকেই অনেকে যোগ দিয়েছিলেন এই আয়োজনে।
শুরুতেই ডায়াস্পোরার পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এজাজ আলম। এরপর মিনহাজ আহমেদ শাম্মুর পরিচালনায় একটি তথ্যচিত্র প্রদর্শীত হয়। এরপর ছিল শিল্পী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামের গানে এবং নজরুল কবীরের পরিচালনায় নির্মিত ‘রূপালী ডানায়’ শিরোনামের চিত্রকাব্য।
অনুষ্ঠানে কবি শহীদ কাদরীর জীবন ও কবিতার উপর আলোচনায় অংশ নেন জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট অফিসের সাবেক পরিচালক ও লেখক ড. সেলিম জাহান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস, কবিপত্নী নীরা কাদরী, কবি তমিজ উদ্দিন লোদী, লেখক আদনান সৈয়দ এবং লেখক মনিজা রহমান।
কবির কবিতা থেকে আবৃত্তি করেন শিরীন বকুল, মুমু আনসারী, আবির আলমগীর, শুক্লা রায়, লুবনা কাইজার, রওশন আরা লিপি, তাহরিনা পারভীন প্রীতি, নজরুল কবীর, মোশারফ হোসেন, পারভীন সুলতানা, সাবিনা নীরু ও আনোয়ারুল লাভলু।
কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন ফকির ইলিয়াস, মিশুক সেলিম, এবিএম সালেহউদ্দিন, শাহ আলম দুলাল, মনজুর কাদের, মাসুম আহমেদ, বেনজির শিকদার, চারু হক, শাহীন ইবনে দিলওয়ার, আহমেদ ছহুল, সৈয়দ আহমদ জুয়েদ, রওশন হাসান, সুরীত বড়ুয়া, ফারহানা ইলিয়াস তুলি, কাজী আতিক ও ফারুক ফয়সল।
কবি শহীদ কাদরীর কবিতা ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ অবলম্বনে একটি চমৎকার গীতি দৃশ্য কাব্য দর্শকদের মন ছুঁয়ে যায়। রুদ্রনীল দাশ রুপাইয়ের গাওয়া গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন মার্জিয়া স্মৃতি। অনুষ্ঠানের শেষে ডায়াস্পোরার অন্যতম প্রতিষ্ঠাতা ডা. প্রতাপ দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।