বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিতের কারণ জানালো ওমান দূতাবাস

বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের সব ধরনের ভিসা স্থগিতের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ঢাকার ওমান দূতাবাস। ভিসা স্থগিতের সিদ্ধান্তটি কোনোভাবেই রাজনৈতিক নয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির দূতাবাস।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশ কর্তৃক জারি করা ঘোষণার বিষয়বস্তুর মূল প্রতিপাদ্য ওমানে বিদেশি শ্রম বাজার সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনার অংশবিশেষ। এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রয়াস, যা বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে উল্লেখ করে ওমান দূতাবাস জানিয়েছে, তাদের এই সিদ্ধান্ত একটি সাময়িক পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে, যাতে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে চলমান পর্যালোচনার প্রেক্ষিতে পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করা যায়।

দূতাবাসের মতে, পর্যালোচনা প্রক্রিয়াটি বেশ কিছু কারিগরি ও আইনি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। এর লক্ষ্য প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করা। পাশাপাশি ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমান অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের ওমানের উন্নয়ন কর্মকাণ্ডে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসামান্য অবদানের কথা স্মরণ করে। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক জোরদার করতে ওমান সবসময় আগ্রহী।

‘আমরা দৃঢ়তার সঙ্গে নিশ্চিত করতে চাই, ওমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক গতি-প্রকৃতির নয়। ওমান বাংলাদেশি প্রবাসীদের অবদানকে অত্যন্ত শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে স্মরণ করে এবং বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আন্তরিকভাবে মূল্যায়ন করে,’ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানায়, বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান বন্ধ করেছে ওমান। পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।