জাতিসংঘের সদরদপ্তরের সামনে তৈরি অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন নিউইয়র্কের প্রবাসীরা। এবারের আয়োজন থেকে সবাই প্রত্যাশা করেন, শিগগিরই হয়তো জাতিসংঘের দাপ্তরিক ভাষা হবে বাংলা।
গত ৩৩ বছর ধরে এই কর্মসূচি পালন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ নামের দুটি সংগঠন।
বাংলাদেশের একুশের যখন প্রথম প্রহর, নিউইয়র্কে তখন দিনের আলো। তীব্র শীত উপেক্ষা করে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘের সামনে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের সঙ্গে মিল রেখে এখানেও শুরু হয় শ্রদ্ধা নিবেদন পর্ব। রীতি অনুযায়ী উপস্থিত সবচেয়ে কনিষ্ঠ শিশুর ফুল দেবার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা বলেন, আজকে মানুষের উপস্থিতিতে আমরা অভিভূত। নিউইয়র্কে বসবাসকারী শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন দেশের নাগরিক উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, জাতিসংঘ সদর দপ্তরের সামনে এমন আয়োজনের আলাদা গুরুত্ব রয়েছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার মধ্য দিয়ে দিনটি এখন পৃথিবীর সব মানুষের মায়ের ভাষার মর্যাদার দিনে পরিণত হয়েছে। সবার আশা এবার বাংলা হবে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা।
একুশের অমর সঙ্গীত গেয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, প্রবাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।