ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য দীনু বিল্লাহ আর নেই

ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস‍্য, লেখক ও গবেষক দীনু বিল্লাহ মারা গেছেন। স্থানীয় সময় শনিবার কানাডায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান তিনি। 

দীনু বিল্লাহ ঢাকা থিয়েটারের প্রথম নাটক সংবাদ কার্টুন ও জনপ্রিয় মিউজিক্যাল কমেডি ‘মুনতাসীর ফ‍্যান্টাসিতে’ অভিনয় করেন। পরে কানাডায় স্থায়ী হলে তিনি লেখা ও গবেষণায় মনোযোগী হয়ে পড়েন। তার লেখা ‘কাকা বাবুর টয় হাউজ’, ‘টয়হাউজ থেকে ১৯৭১ মৃত‍্যুছায়া সঙ্গী’, ‘সুরের বরপুত্র’, গণ সংগীতের ইতিহাস ‘মিলিত প্রাণের কলরব’, মুক্তিযুদ্ধ ও বাঙালি সত্ত্বা নিয়ে তার রচিত গ্রন্থগুলো ইতিহাসের অমূল‍্য সংযোজন।

দীনু তার শরীরের অঙ্গ-প্রত‍্যঙ্গগুলো দান করে গেছেন। তার মস্তিষ্ক সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। কৃত্রিম যন্ত্রে তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো ব‍্যবহার যোগ‍্য করে রাখা হয়েছে। গ্রহীতার সঙ্গে রক্তের গ্রুপ মিলে গেলে অঙ্গপ্রত‍্যঙ্গ‍গুলো অসুস্থ গ্রহীতার শরীরে সংযোজন করা হবে।