কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে কুয়েতের মাহবুলা এলাকায় কোম্পানির অফিসের সিঁড়িতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাজরুল মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা।
জানা গেছে, তাজরুল প্রায় চার বছর আগে কুয়েতের ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ শুরু করেন।
দেশে অনেক টাকা ঋণ করে প্রবাসে গিয়ে কোম্পানির কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। তার সহকর্মী ফারুক ইসলাম জানান, কোম্পানি তাকে জোরপূর্বক নাইট ডিউটি দিয়েছিল।
তবে, তাজরুল অসুস্থ থাকার কারণে নাইট ডিউটি করতে পারেনি। ফলে কোম্পানিটি তাকে তিন মাসের জন্য কাজ বন্ধ করে দেয় এবং জানায়- তাকে দেশে পাঠিয়ে দেবে।