সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় ওমরাহ পালন শেষে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত তিনটার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), বড়ো মেয়ে মেহের আফরোজ (১৩) এবং ছোট মেয়ে সুবহা আক্তার (দেড় বছর)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রাইভেটকার চালক মো. জিলানী বাবর (৩০)।

এছাড়া মিজানের মেজ মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মিজানুর রহমান রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে সৌদি আরবে সপরিবারে বসবাস করছিলেন। গত তিনি ফেব্রুয়ারি সপরিবারে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যান তারা। ওমরাহর সব আনুষ্ঠানিকতা শেষ করে প্রাইভেটকারে জেদ্দায় নিজেদের বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

নিহতের বড়ো ভাই বাহারুল আলম জানান, বাংলাদেশ সময় রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রবাসী স্বজনদের মাধ্যমে তারা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।

এদিকে একই পরিবারের চার সদস্যের অকাল মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে রামগঞ্জের নলচরা গ্রামে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পাড়া-প্রতিবেশীরা ভিড় করছেন মিজানের বাড়িতে। নিথর দেহগুলো দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শোকাতুর স্বজনরা।