দক্ষিণ আফ্রিকায় আলাদা দুটি ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচ বছর বয়সী এক শিশুও আহত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রবাসী মামুন আহম্মেদ জানান, বুধবার (৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় বিকেলে তিনটার দিকে জোহানেসবার্গে শহরের পাশে মেফেয়ারে একটি সুপার মার্কেটে সন্ত্রাসীরা প্রবেশ করে মুদি দোকানের ব্যবসায়ী বেলায়েত হোসেন সুমনকে গুলি করে হত্যা করে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের আমজাদ পন্ডিতের বাড়ি।
অপরদিকে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা মো. ইয়াছিনকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও আহত হয়।
নিহতের সেজো ভাই মো. নাসির জানান, ইয়াছিন প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। এক বছর আগে তিনি পরিবারকেও সেখানে নিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও আহত হয়।