ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দুইটার দিকে সৌদি আরবের তায়েফ এলাকার আল-খুরমা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত যে দুইজনের পরিচয় জানা গেছে তারা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার দুই ভাই করিম উদ্দিন ও খালেদ মিয়া। নিহত অপর দুইজন প্রবাসীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসীরা দেশে ফেরার উদ্দেশে তায়েফ থেকে ট্যাক্সিযোগে জেদ্দা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে তাদের ট্যাক্সিটি আল-খুরমা এলাকায় পৌঁছালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্যাক্সির চালকসহ প্রবাসী চার যাত্রী মারা যান।
গাছবাড়ি এলাকায় দুই ভাইয়ের মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।