নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬।   

স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের বরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে (বিএমসিসি) আনুষ্ঠানিকভাবে এই মেলা উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ ভারত, চীন, নেপাল ও পাকিস্তানের বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক এবং চেম্বার প্রতিনিধিরা অংশ নেন।   

বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বারের প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লফলার।   

অনুষ্ঠানে ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর কেলি লফলার ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকানদের অবদান তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি সংখ্যায় ছোট হলেও বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা ও ব্যবসায় তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। ফজলুর রহমান খান, সালমান খান, জাওয়েদ করিম ও ড. এম জাহিদ হাসানের মতো বিশিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি এক্সপোটিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে আখ্যায়িত করেন।   

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জ্যাফে জানান, গত পাঁচ বছর ধরে তারা বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করছেন, যা উদীয়মান ও বড়ো ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার উন্মোচন করেছে।   

মেলায় বিজনেস-টু-বিজনেস (B2B) ম্যাচমেকিং ও সম্মাননামেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘বিজনেস-টু-বিজনেস ম্যাচমেকিং কার্যক্রম। এর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। 

পাশাপাশি মেলায় গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফিন্যান্স, রেমিট্যান্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাপ্লাই চেইন বিষয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়।   

অনুষ্ঠানের অংশ হিসেবে বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ প্রদান করা হয়।   

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মর্ডাণ প্যাকেজিংয়ের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জাকি হোসাইন, অ্যাডভান্স ফার্মার প্রতিষ্ঠাতা লিয়াকত হোসাইন, পিপলএনটেক ও ডব্লিউএসটির চেয়ারম্যান আবুবকর হানিফ, আইএফডিসির সিইও কাজী হেলাল আহমেদ, জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া এবং বাংলাদেশের প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ড. আরিফুর রহমান।   

মেলা আয়োজকরা জানান, এই প্রদর্শনী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে নতুন বাজার অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড়ো ভূমিকা রাখবে।