মরিশাসে ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু

মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনার পর দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন এবং মর্মান্তিক এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।

পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা যায়, স্থানীয় প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ওই শ্রমিকরা। কার্গো কন্টেইনার ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ কন্টেইনারের ভেতর ভারী কাঠের বাক্স ভেঙে তাদের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করলেও জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা জানান যে কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছিল।

দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)।

কারখানাটিতে যথাযথ নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে মানা হয়েছিল কি না এবং কর্মরত শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই সরবরাহ করা হয়েছিল কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে মন্ত্রণালয় গঠিত তদন্ত দল।

মর্মান্তিক এই ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শ্রমমন্ত্রী রেজা উতিম। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং পরিবারের স্বজনদের ইচ্ছানুযায়ী দ্রুত মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।