বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো ছিল ‘বিদ্বেষমূলক মামলা’।
গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে কথা বলতে গিয়ে হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এই ব্রিটিশ সংসদ সদস্য জানান, তিনি একজন আইনজীবীর সঙ্গে আলোচনা করছেন। ওই আইনজীবীর মতে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তাঁর আইনি ব্যবস্থা নেওয়ার মতো ভিত্তি রয়েছে। টিউলিপের ভাষায়, মূলত এটি ছিল বিদ্বেষমূলকভাবে করা একটি মামলা। আইনি পদক্ষেপের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্লট দুর্নীতির সাজা ও পুরনো বিরোধের প্রসঙ্গ: গত বছরের ডিসেম্বরে ঢাকার কাছে পরিবারের জন্য জমির প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনার ওপর প্রভাব খাটানোর অভিযোগে ১৬ জনের সঙ্গে টিউলিপকে অনুপস্থিতিতেই দুই বছরের কারাদণ্ড দেয় বাংলাদেশের একটি আদালত।
লন্ডনে অবস্থান করায় তাঁর ওই সাজা ভোগ করার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশ সরকারের অভিযোগ, ১৫ বছরের শাসনামলে শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধ ও নিয়মবহির্ভূত সুবিধা নিয়েছিলেন টিউলিপ। অন্যদিকে শেখ হাসিনা নিজেও ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন।
তবে টিউলিপ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উড়িয়ে দিয়ে দাবি করেছিলেন, খালা শেখ হাসিনা ও ড. ইউনূসের দীর্ঘদিনের বিরোধের বলি হয়েছেন তিনি।
নতুন পডকাস্টে তিনি দাবি করেন, অভিযোগ সম্পর্কে জানতে আইনজীবীরা চিঠি পাঠালেও বাংলাদেশ সরকার জবাব দেয়নি। এমনকি লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়ে দেখা করার চেষ্টা করলেও তিনি রাজি হননি বলে অভিযোগ টিউলিপের। তাঁর দাবি, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের অ্যালার্ট দেখে প্রথম নিজের দোষী সাব্যস্ত হওয়ার খবর জানতে পারেন তিনি।
কিয়ার স্টারমারের পদত্যাগ ও রাজনৈতিক টানাপোড়েন: এই দুর্নীতির বিতর্কের জেরেই গত বছর যুক্তরাজ্য সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হন টিউলিপ সিদ্দিক। তিনি জানান, নিরাপত্তা হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অবস্থানকালে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে একটি বার্তা পাঠিয়ে সমর্থন দিয়েছিলেন।
কিন্তু তাঁকে ঘিরে বারবার প্রশ্ন ওঠায় একপর্যায়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। আক্ষেপের সুরে টিউলিপ বলেন, স্টারমারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছানোর রাজনৈতিক প্রচেষ্টায় শুরু থেকেই পাশে থাকলেও শেষ পর্যন্ত নিজেই তাঁর পথে বাধা হয়ে দাঁড়ান। স্টারমারের ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাকে ‘খুবই বেদনাদায়ক’ আখ্যা দিলেও তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রশংসা করেছেন এই ব্রিটিশ এমপি।