বাংলাদেশি পোশাকের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর খবরদারি থেকে বাঁচতে এবার নিজেরাই একটি সমন্বিত কমপ্লায়েন্স নীতিমালা তৈরি করবে বিজিএমইএ।
আগামী তিন মাসের মধ্যে একটি সার্বজনীন বিধি তৈরি হবে। ক্রেতা প্রতিষ্ঠানের এক এক সময়ে এক এক নির্দেশনায় অতিষ্ঠ কারখানা মালিকদের অভিযোগের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাঁচামালের উৎস, কারখানায় উৎপাদন থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত সব কিছু নজর রাখে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। এ সময় বিভিন্ন পর্যায়ে মানদণ্ড ঠিক রাখতে বিভিন্ন নির্দেশনাও দেয় তারা।
রপ্তানিকারকরা বলছে এক এক সময়ে এক এক নির্দেশনা অনেকটা খবরদারির পর্যায়ে চলে যায়। এর অনেকগুলো আবার বাংলাদেশের আইনেরও সাংঘর্ষিক।
বিজিএমইএ বলছে, ভবন থেকে শুরু করে অগ্নিপ্রতিরোধ এবং বৈদ্যুতিক ব্যবস্থাপনা এবং শ্রম ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে ক্রেতাদের নজরদারিকে বাড়াবাড়ি হিসেবে দেখে মালিকরা।
এ কারণে আগামী তিন মাসের মধ্যে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন, পোশাক মালিকদের সংগঠন- বিজিএমইএ সভাপতি মোহাম্মদ ফারুক হাসান।
আর, বাংলাদেশি গার্মেন্টস বায়িং অ্যাসোসিয়েশনের নেতা আনোয়ার শহীদ বলছেন, ক্রেতার অস্থির দাবির লাগাম টানার আগে গার্মেন্টস মালিকদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
রানা প্লাজা এবং তাজরীন গার্মেন্টস দুর্ঘটনার পরই অ্যাকোর্ড এবং এলায়েন্সে মাধ্যমে নির্দেশনা আরো বেপরোয়া হয়।
পরে, উচ্চ আদালতের নির্দেশনায় ক্রেতা জোটগুলোর কার্যক্রম বন্ধ হলেও থামেনি ক্রেতাদের লাগাতার নির্দেশনা।
একাত্তর/এআর