১৮ দিনে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার: বিজিএমইএ

অস্থিরতায় পোশাক খাতে ধাক্কা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলারে। একই সময়ে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

রোববার, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়।


বিজিএমইএর এক জরিপে দেখা গেছে, চলতি মাসের ১-১৮ নভেম্বর পর্যন্ত শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য অনুযায়ী এতে কারখানাগুলোর মোট উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।

উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশই এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। বিজিএমইএ জানিয়েছে, বিদেশি ক্রেতাদের আস্থা ও ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে, দিতে হচ্ছে বড় অঙ্কের মূল্যছাড়।


এমনকি কিছু ক্ষেত্রে সরাসরি অর্ডার বাতিলের মতো পরিস্থিতিরও মুখোমুখি হচ্ছে উদ্যোক্তাদের। জরিপের তথ্য অনুযায়ী, এই অস্থিরতার জেরে বিদেশি ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা অর্ডার থেকে ২৫৪ মিলিয়ন ডলার বাজারমূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে স্থানান্তর করেছেন।

তবে জরিপে উঠে আসা এই পরিসংখ্যানকে প্রকৃত ক্ষতির আংশিক চিত্র বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিতে পেরেছে।


তদুপরি জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপরও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। ইতিমধ্যে বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে সরে যাওয়াকে সেই অনাস্থারই প্রতিফলন হিসেবে দেখছে বিজিএমইএ।


দেশের অর্থনীতি এবং এ খাতে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে চলমান সংকট থেকে দ্রুত উত্তরণ জরুরি উল্লেখ করে শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

একাত্তর/এআরএস
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে...
জানুয়ারিতে ৪৪১ কোটি ডলার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে, যা ডিসেম্বরের চেয়ে সোয়া ১১ শতাংশ বেশি।
চলতি বছরের প্রথম ৯ মাসে ইউরোপে ১ হাজার ৫২৫ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে সংলাপে বসতে যাচ্ছে প্রধান বিরোধী দল...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আলাদা দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...
বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এতে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী দুবলার চরে পৌঁছেছেন।
‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন।’—দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর