বাজেট প্রণয়ন এবং বাজেট ব্যয় ব্যবস্থাপনা ও মনিটরিংয়ে সাফল্যের কথা উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়কে ‘সব মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে দক্ষ মন্ত্রণালয়’ হিসেবে উল্লেখ করেছেন ড. আহসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (৯ জুন) এবারের বাজেট নিয়ে একাত্তরের বিশেষ আয়োজনে যুক্ত হয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর অর্থ মন্ত্রণালয়ের এই প্রশংসা করেন।
বাজেট প্রণয়ন সক্ষমতায় বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে- এমন এক প্রশ্নের জবাবে ড. আহসান এইচ মনসুর বলেন, আমাদের অর্থ মন্ত্রণালয় সবগুলো মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে দক্ষ মন্ত্রণালয়। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা তাদের ব্যয় ব্যবস্থাপনা কৌশল পৃথিবীর অনেক দেশের তুলনায় বেশ কার্যকর। ভারতসহ অনেক দেশেই যদি বাজেটে প্রাক্কলিত ব্যয় বৃদ্ধি যেখানে নৈমিত্তিক, সেখানে বাংলাদেশে এটা বরং প্রাক্কলনের চেয়ে একটু কমই থাকে।
আমাদের অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণের এই কৌশলের প্রশংসা করে তিনি বলেন, তারা সবসময়ই সময়মত বাজেট প্রস্তুত করতে পারে এবং বাজেটের দিক-নির্দেশনাগুলোও তারা মোটা দাগে চিহ্নিত করতে পারে।
উদাহরণস্বরূপ তিনি বলেন, এই বাজেট ঘোষণার আগে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অর্থ মন্ত্রণালয় এ বাজেটের যেসব ‘অবজেক্টিভ’ ঘোষণা করেছে, তা খুবই যথাযথ। সেখানে বলা হয়েছে, মূল্যস্ফীতির চাপ কমানোর কথা, আমাদের সার্বিক অর্থনীতির চ্যালেঞ্জের কথা- যার সবই আমাদের জন্য খুবই উপযুক্ত ‘অবজেক্টিভ’।
তিনি আরও বলেন, আমাদের বাজেট প্রণয়ন প্রতি বছর ঠিক সময়েই হয় এবং বাজেটের পর্যবেক্ষণও কিন্তু প্রতি মাসেই অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হচ্ছে।
বাজেট ব্যয় মনিটরিং ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, প্রতিটি টাকা যখন অন্যান্য মন্ত্রণালয় খরচ করছে, তখন সে হিসেব সাথে সাথেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে।
একাত্তর/জো