নভেম্বরে মূল্যস্ফীতি কমে আট দশমিক ৮৫ শতাংশ

নভেম্বরে মূল্যস্ফীতি আরও কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাস শেষে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে আট দশমিক ৮৫ শতাংশে, যা গত মাসে ছিল ৮ দশমিক ৯১ শতাংশ। আর সেপ্টেম্বরে এ হার ছিল ৯ দশমিক ১০ ও আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ।

সোমবার (৫ ডিসেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

সবজিসহ নানা খাদ্যপণ্যর দাম কমেছে বলে দাবি করেছে সংস্থাটি বলছে, নভেম্বর মাসে খাদ্যপণ্যের দাম কমে মূল্যস্ফীতি আট দশমিক ১৪ শতাংশ হয়েছে যা গত মাসে ছিল আট দশমিক ৫০ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিসেম্বরে মূল্যস্ফীতি আরও কমার সম্ভাবনা আছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন হওয়ার পাশাপাশি তেল গ্যাসের দামও বিশ্বব্যাপী কমছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, সার্বিকভাবে প্রবৃদ্ধিও সাত শতাংশে যেতে পারে। 

পরিকল্পনামন্ত্রী জানান, বর্তমানে ৪২২টি পণ্যের ওপর মূল্যস্ফীতি যাচাই করা হয়। এখন সেগুলো আবার পুনর্বিবেচনা করা হবে। কেননা এখানে স্বর্ণের দামও ধরা হয়েছে। এছাড়া মাখন ও কফিসহ এরকম অনেক পণ্যের দামও ধরা হয়। এগুলো সংশোধন করা হবে।


বিবিএসের তথ্য অনুযায়ী, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাড়িয়েছে আট দশমিক ৯৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল আট দশমিক ৯২ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাড়িয়েছে আট দশমিক ২৩ শতাংশে, যা তার আগের মাসে ছিল আট দশমিক ৩৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ১০ দশমিক ৩১ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক ৯৮ শতাংশ।

আরও পড়ুন: বিলাসিতা ত্যাগ করুন, সময়টা সাশ্রয়ের: প্রধানমন্ত্রী

শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে আট দশমিক ৭০ শতাংশে, যা তার আগের মাসে ছিল আট দশমিক ৯০ শতাংশ। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাড়িয়েছে সাত দশমিক ৯৫ শতাংশে, যা তার আগের মাসে ছিল আট দশমিক ৭৫ শতাংশ। খাদ্য বর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাড়িয়েছে ৯ দশমিক ৫৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূণ্য ৭ শতাংশ।

নভেম্বরে মজুরি হার শতকরা বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ৯১ শতাংশ। কৃষি খাতে মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক ৯০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ৮৫ শতাংশ। 

শিল্প খাতে মজুরি হার বেড়ে দাড়িয়েছে সাত দশমিক শূণ্য ছয় শতাংশে, যা তার আগের মাসে ছিল ছয় দশমিক ৯৭ শতাংশ। সেবা খাতে মজুরি হার বেড়ে দাড়িয়েছে সাত দশমিক ১৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল সাত দশমিক ১১ শতাংশ।

গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল সাত দশমিক ৪৮ শতাংশ, আগস্টে ছিল ৯ দশমিক ৫২ শতাংশ, সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১০ শতাংশ।

গত জুলাইয়ে মজুরি হার ছিল ছয় দশমিক ৫৬ শতাংশ, আগস্টে ছিল ছয় দশমিক ৮০ শতাংশ এবং সেপ্টেম্বরে ছিল ছয় দশমিক ৮৬ শতাংশ।


একাত্তর/এসি