জুন পর্যন্ত খেলাপি না করাসহ রিজার্ভের ডলার দাবি ব্যবসায়ীদের

দেশে চলমান অর্থনৈতিক সঙ্কট বিবেচনায় ঋণ পরিশোধে ব্যর্থ হলে আগামী জুন পর্যন্ত ব্যবসায়ীদের খেলাপি না করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র খুলে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে রিজার্ভ থেকে ডলার সরবরাহের দাবিও জানিয়েছে সংগঠনটি।  

সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমন চার দফা দাবি জানায় এফবিসিসিআই। 

এদিকে অর্থনীতি স্থিতিশীলতার স্বার্থে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোসহ সব দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

জানা যায়, বিশ্ব মন্দার কারণে দেশের বাজারে অভ্যন্তরীণ সঙ্কট শুরুর পর থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা পেতে এ বছরের শুরু থেকে নিয়মিত বাংলাদেশে ব্যাংকে আসছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা।

এরই ধারাবাহিকতায় দেশের সমসাময়িক অর্থনীতির সঙ্কট নিয়ে আলোচনার উদ্দেশে সোমবার দুপুরের এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আট সদস্যের এক প্রতিনিধি দল আসেন বাংলাদেশ ব্যাংকে। 

এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদদীন জানান, প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়েছে। বৈঠকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র নির্বিঘ্নে খুলতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। 

তিনি বলেন, ব্যবসায়ীরা করোনায় যতোটা না ক্ষতির মুখে পড়েছেন, তার চেয়ে গ্যাস, বিদ্যুতের বাড়তি দাম, ব্যবসা না থাকা, ডলার সঙ্কটে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে। তাই এবারও দাবি করা হয়েছে, জুন পর্যন্ত খেলাপি যেন না করা হয়। 


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, দেশের অর্থনীতি সার্বিক সঙ্কট আমলে নিয়ে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোসহ সব বিষয়ে সহায়তার কথা ভাবা হচ্ছে। 

আরও পড়ুন: ৯০ দিন অপেক্ষা নয়, ৫০ দিনের মধ্যেই ভোট: ইসি

তিনি জানান, এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ঋণের বিপরীতে সুদ হারের নির্দিষ্ট সীমা তুলে না নেয়ার বিষয়ে দাবি জানানো হলে সেটিও বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


একাত্তর/এসি