বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করা যায় কিনা, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে অনুরোধ জানিয়ে কৃষি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তারের সই করা একটি চিঠি কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। টিসিবির তথ্য অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য এক মাস আগে ৩০ টাকা ছিল, যা গত সপ্তাহে ৫০ টাকা করে বিক্রি হয়েছে এবং বর্তমানে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করে বাজার পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
এ অবস্থায় পেঁয়াজের বাজার স্থিতিশীল করার স্বার্থে জরুরি ভিত্তিতে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার সাংবাদিকদের বলেছেন, খুব অল্প সময়ের মধ্যে খোলা বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি বেড়েছে। তবে প্রাথমিকভাবে কী পরিমাণ পেঁয়াজ আমদানি হবে এবং কবে নাগাদ আমদানি করা হবে- এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: বন্ধ ঘরে ঘুমন্ত ১০ জনকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ
এর আগে রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ টাকা হতে পারেনা। আবার ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে ২৫-৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একাত্তর/এসি