‘স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার’

‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় ১২ হাজার ৫০০ মার্কিন ডলার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বেশি জাতীয় বাজেট প্রস্তাব পেশ করার সময় একথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার, ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে এবং হতদরিদ্রের সংখ্যা নেমে আসবে শূন্যের কোঠায়।  

তিনি আরও বলেন, মুদ্রাস্ফীতি ৪ থেকে ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে, রাজস্ব-জিডিপি অনুপাত ২০ শতাংশের উপরে থাকবে, বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ।

আরও পড়ুন: স্বাস্থ্যে বরাদ্দ বাড়লেও পরিকল্পনা ও লক্ষ্যের অভাব

মন্ত্রী বলেন, বাংলাদেশ শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাক্ষরতা অর্জন করবে। স্মার্ট বাংলাদেশে স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে যাবে। নাগরিকদের প্রয়োজনীয় সমস্ত পরিষেবা তাদের হাতের কাছে পৈৗঁছে যাবে, যার মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই নগরায়ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে- স্মার্ট বাংলাদেশে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে।


একাত্তর/এসজে