টিসিবির ভর্তুকির পণ্য বিক্রি শুরু রোববার

প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। রোববার থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিন্ম আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে পাশে টিসিবির আগস্ট মাসের বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।

টিসিবির মূখপাত্র হুমায়ুন কবির বাসসকে বলেন, টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার আগস্ট মাসে ভর্তুকি মূল্যে মসুর ডাল, ভোজ্যতেল ও চাল কিনতে পারবেন। কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন বলে জানান তিনি। 

গত জুলাই মাসে টিসিবির পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু করে। গত মাসের মতো এবারও একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

কার্ডধারী একজন ক্রেতা দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি হবে।

খাদ্য অধিদপ্তর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন।

 

একাত্তর/কেএসএইচ