কমলো চিনি ও তেলের দাম

দেশে চিনির দাম কমিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দর এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন খরচ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

একইসঙ্গে বিশ্ব বাজারে ভোজ্য তেলের আমদানি মূল্য কমায় তেলের দামও কমিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন। 

রোববার সংগঠনটি দুটি এ তথ্য জানিয়েছে। নতুন দাম সোমবার থেকেই কার্যকর হবে। 

সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি কেজি প্যাকেটজাত চিনিতে ৫ টাকা কমিয়ে ১৩৫ এবং খোলা চিনিতেও ৫ টাকা কমিয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ম্যানুফাকচারার্স অ্যাসোসিয়েশন প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন তেলে ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে ১৫৪ টাকা এবং বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলে ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করেছে।


একাত্তর/কেএসএইচ