কোল্ড স্টোরেজ পর্যায়ে সরকারের বেধে দেয়া দামে (প্রতি কেজি ২৬-২৭ টাকা) আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
আর এ কাজ করতে একজন মনোনীত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে সোমবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত একটি পত্র জারির মাধ্যমে সব জেলা প্রশাসকদের এ নির্দেশ দেয়া হয়েছে। নতুন নির্দেশ বুধবার থেকেই বাস্তবায়ন করতে হবে বলেও জেলা প্রশাসকদের জানানো হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর আলুর বিক্রয় মূল্য কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রয় করা হচ্ছে না।
আলু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজ ও খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে আলু বিক্রি করায় জনস্বার্থে আলুর বাজার স্থিতিশীল করার লক্ষ্যেই জেলা প্রশাসকের তত্ত্বাবধান শুরু করা হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।