এডিবির সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই

জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি সই করেছে বাংলাদেশ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির উদ্দেশ্য হলো, গ্রিন হাউস গ্যাস কমানো ও তুলনামূলক কার্বনহীন অর্থনীতিতে রুপান্তর করা; টেকসই এবং জলবায়ু কেন্দ্রিক উন্নয়ন পরিক্রমা সহজতর করা; এবং জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ অবস্থার ঝুঁকি হ্রাস এবং সহনশীলতা শক্তিশালী করা।

ঋণচুক্তি অনুযায়ী এ কর্মসূচির পূর্বশর্তগুলো ইতোমধ্যে বাংলাদেশ অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়।

 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে এর সদস্যপদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ বাংলাদেশকে দিয়ে আসছে। এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে ৩১৩১৬ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা এবং ৫৭১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ এবং সুশাসন খাতকে প্রাধান্য দেয়।