দাম বাড়ানোর আগে গ্যাস সরবরাহ নিশ্চিত চায় বিটিএমএ

দাম বাড়ানোর আগে শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন তিনি।

খোকন বলেন, শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের শর্তে ২০২২ সালে গ্যাসের মূল্যে বাড়ানোর জন্য রাজি হন ব্যবসায়ীরা। কিন্তু দাম বাড়লেও নিরবচ্ছিন্ন গ্যাস দিতে পারছে না পেট্রোবাংলা।

‘তাই যতো দিন পর্যন্ত নিরবচ্ছিন্ন গ্যাস দিতে পারবে না, ততো দিন পর্যন্ত আগের দামেই গ্যাস দিতে,’ পেট্রোবাংলার কাছে দাবি তোলেন বিটিএমএর সভাপতি।

মোহাম্মদ আলী খোকন বলেন, বিদ্যুৎ ও জ্বালানির সংকটে ভুগছে এ খাত। মিল বন্ধ থাকায় উৎপাদন না করতে পারায় সময়মতো শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

আর এই অনিশ্চয়তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

‘সরকার ১০০টি ইকোনমিক জোন করছে, বিদেশি ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে। আমরা দেশি উদ্যোক্তারা গ্যাস পাচ্ছি না,’ আক্ষেপ খোকনের। প্রশ্ন তোলেন, বিদেশিদের গ্যাস দিবেন কোথা থেকে?

তিনি বলেন, ২০২২ সালে বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।