ঈদের আগে শ্রমিক ছাঁটাই নয়: শ্রম প্রতিমন্ত্রী

ঈদুল ফিতরের আগেই, পোশাক খাতের শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হবে বলে আশ্বস্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, অন্যান্য বছর যা’ই হোক এবার শ্রমিক অসন্তোষ হবে না। ঈদের আগে শ্রমিক ছাঁটাই হবে না। শ্রমিকদের ঈদ সুন্দর হবে।

প্রতি বছরই ঈদকে সামনে রেখে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন অবরোধের ঘটনা ঘটে। কখনও কখনও কারখানায় ভাংচুরও হয়। এমন সব পরিস্থিতি মোকাবিলায় এবার আগেভাগেই শ্রমিক নেতা ও গার্মেন্ট মালিকদের নিয়ে আলোচনায় বসেন শ্রম প্রতিমন্ত্রী।

বুধবার সচিবালয়ে তৈরি পোশাক খাত সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, ঈদের ছুটির আগেই পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস দেয়া হবে। ঈদের আগে কোনও শ্রমিক ছাঁটাই হবে না। মালিক, শ্রমিক ও সরকার মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।

সভায় উচ্চস্বরে একটা কথাও হয়নি উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। মালিক ও শ্রমিক নেতারা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি যে, আগামী ঈদকে সামনে রেখে কোনও ধরনের শ্রমিক অসন্তোষ বা কোনও অঘটন ঘটবে বলে আমরা মনে করি না।

পোশাক শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের রেশন দেওয়ার কথা বলা হয়েছে। এটা আমি চেষ্টা করব। আমার দৃঢ় বিশ্বাস প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করলে তিনি এটা গ্রহণ করবেন। আমরা যথাসম্ভব শিগগিরই আমি এটা চালু করবো।

সভায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেন, শ্রম অধিদপ্তরে মহাপরিচালক তরিকুল আলম, বিজিএমইএ চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন, বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান, জাতীয় শ্রমিক লীগের নির্বাহী সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ।