গরম আবহাওয়ার মতোই পাল্লা দিয়ে উত্তাপ ছড়াচ্ছে দ্রব্যমূল্য। সবজির দাম আগের চেয়ে বাজারভেদে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাড়তি মসলার বাজারও, পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম।
বিক্রেতাদের অজুহাত গরমের প্রভাবে দাম বেড়েছে। তবে এ যুক্তি মানতে নারাজ ক্রেতারা।
বছরের বেশিরভাগ সময় ধরে শাক-সবজি, কাঁচাবাজার, মাছ-মাংস, মসলাজাত পণ্যসহ সব নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
বাজারে সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। আর এবার সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির।
বিশেষ করে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৭০ থেকে ৮০ টাকা বেড়ে হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকা।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি ,চাল, আটা, ডাল ও মাছ-মাংস। ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।
স্থানভেদে পাকা টমেটোর কেজি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপে ৮০ থেকে ৯০ টাকা, আর বেগুনের কেজি ১০০ টাকা ছুঁইছুঁই।
প্রতি কেজি করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা এবং জাতভেদে পটলের কেজি ৫০ থেকে ৭০ টাকা।
বাজারে প্রতি কেজি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে দেশি রসুনের কেজি এখন ২২০ থেকে ২৪০ টাকায়। মসলার দামও বেড়েছে বলে দাবি ক্রেতা ও বিক্রেতারা।
এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে এ সপ্তাহে। স্থানভেদে প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি।
এছাড়া সোনালি ও লেয়ার জাতের মুরগির বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৯০ টাকা দরে। মাছের বাজারে ইলিশসহ সব মাছের দাম এখন চড়া। তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই।