ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে দিয়ে টানা ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
শনিবার নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আমাদানি-রপ্তানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ছয়দিন বন্ধ থাকবে। আগামী ২২ জুন শনিবার থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।
নাকুগাঁও আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ঈদুল আজহা উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত টানা ছয়দিন নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকেই এই স্থলবন্দর বন্ধ ঘোষণা করার কথা থাকলেও ওপাড়ে ভারত অংশে পাথরভর্তি ভুটানের কিছু ট্রাক আটকে আছে। সেই ট্রাকগুলো শনিবার নাকুগাঁও স্থলবন্দরে আনলোড হবে। তাই এই বন্দর রোববার থেকে টানা ছয়দিন বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারি বন্ধ শুক্রবার থেকে শুরু হলেও কিছু পাথরবোঝাই ট্রাক ওপাড়ে লাইনে থাকায় সেগুলো ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে শনিবারও আনলোড করা হচ্ছে। আর ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দর ছয়দিন অর্থাৎ আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।