চট্টগ্রামে মাছ-মুরগি-সবজীর দর বাড়লেও কমেছে ডিমের দাম

বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বাজারে মাছ, মুরগী ও সবজীসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। তবে জোরালো তদারকির কারণে কমেছে ডিমের দাম।  

তাই দামবৃদ্ধির লাগাম টানতে সরকারের তদারকি কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ক্রেতারা।

শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা। প্রতি কেজি বরবটি ১৪০, ঝিঙা ১২০, আলু ৭০, পেঁপে ৮০, উস্তে১৪০, টমেটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে মাঠে সবজি কম থাকায় দাম বাড়ছে।

এদিকে প্রতি কেজি দেশি মুরগির দাম ৫৮০ থেকে ৬০০ টাকা এবং সোনালীর মুরগি বিক্রি হচ্ছ ৩২০ টাকায়। গত সপ্তাহের মত স্থিতিশীল থাকলেও ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজিতে।

পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়েও দাম বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন বিক্রেতারা।

এদিকে বৈরী আবহাওয়ায় সমুদ্রে মাছ ধরা নিষেধের কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ। এ কারণে সব ধরনের সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছের দামও কেজি প্রতি বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা।

গেলো সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছিলো ১৫০ টাকায়। সেখান থেকে ১০টা কমে এদিন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

খামারে পর্যাপ্ত ডিম মজুদ থাকা এবং বাজার তদারকি থাকায় ডিমের দাম স্বাভাবিক বলে মনে করছেন বিক্রেতারা।

পাইকারি বাজারে গত সপ্তাহের তুলনায় ভারতীয় ও দেশী পেঁয়াজের দাম ৫ থেকে ১০ টাকা বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯৬ থেকে ১০০ টাকায়।