নিরাপত্তাজনিত কারণে একজন গ্রাহক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। আগে এ পরিমাণ চার লাখ থাকলেও রোববার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এর পরিমাণ বাড়ানো হলো।
শনিবার বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চেকের মাধ্যমে পাঁচ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর করা যাবে।
এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার দিন দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।
একইসাথে সে সময় চেকের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে বা কোনো লেনদেনে সন্দেহ হলে সেটি বন্ধ করতে বলে কেন্দ্রীয় ব্যাংক।
পরে কয়েকধাপে এর পরিমাণ বাড়ানো হলো। গত সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেতো। তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিলো।
একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিলো। অর্থাৎ শেষ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে।
গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য খাতের মতো ব্যাংকিং ও আর্থিক খাতে সংস্কারের কথা বলছে।