দেশে সর্বজনীন বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জ্যামিতিক হারে বাড়ছে। গত ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ বেড়েছে, আর টাকার অংকে এ লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় পাঁচ গুণ। বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় সাড়ে তিন লাখ লেনদেন সম্পাদিত হচ্ছে, যার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১৪৪ কোটি টাকায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, গত এক জুলাই থেকে ব্যাংক ও এমএফএস (মোবাইল আর্থিক সেবা) প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে বাংলা কিউআর লেনদেন বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯০ দিনে দেশব্যাপী প্রায় ৩৯ লাখ মার্চেন্ট হিসাবের বিপরীতে দৈনিক গড়ে তিন লাখ ৫০ হাজারটি লেনদেন হয়েছে। এসব লেনদেনে প্রতিদিন গড়ে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হচ্ছে। অর্থাৎ, গত তিন মাসের ব্যবধানে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ এবং লেনদেনের আর্থিক মূল্য প্রায় পাঁচ গুণ বেড়েছে।
ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে এবং ব্যবসায়ীদের উৎসাহিত করতে নতুন বেশ কিছু সিদ্ধান্তের কথা জানান মুখপাত্র। তিনি জানান, বাংলা কিউআর ব্যবহারে মার্চেন্টদের (বিক্রেতা) উৎসাহিত করতে পয়লা অক্টোবর থেকে সব ধরনের বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের ব্যাংক বা এমএফএস হিসাবে যুক্ত হবে।
এছাড়া ওই দিন থেকে দুই হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে প্রণোদনা দেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহক সেবা নির্বিঘ্ন করতে ও যেকোনো ধরনের বিরোধ বা প্রযুক্তিগত সমস্যা দ্রুত সমাধানে বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তির সময়সীমা সর্বোচ্চ ৩০ মিনিট বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র।
