গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ শেষে শিল্পাঞ্চল আশুলিয়ায় স্বস্তি ফিরেছে। মঙ্গলবার ৪৫টি ছাড়া সব কারখানায় কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন শ্রমিকরা। এদিন বেলা ১২টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই। শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক।
মঙ্গলবার সকালে সরেজমিন, শিল্পাঞ্চল আশুলিয়ার জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, সরকার মার্কেট, জামগড়া, বাইপাইলসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। তবে এখনও বেশ কয়েকটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে। তা ফলপ্রসূ হলে ছুটি থাকা কারখানাগুলোতেও উৎপাদন শুরু হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।
বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়িয়ে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানা মঙ্গলবার খোলার কথা ছিল। কিন্তু ৪৫টি কারখানায় শ্রমিক-মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলায় তা সম্ভব হয়নি।
শিল্প পুলিশ বলছে, আলোচনা কোনো সিদ্ধান্তে পৌঁছলে সেসব কারখানাতেই উৎপাদন শুরু হবে।
বিভিন্ন কারখানার শ্রমিকরা জানান, অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কিছু কিছু কারখানার গেটে এখনও বন্ধের নোটিশ রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বাসায় ফিরে গেছেন। শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে কাজে ফিরবেন বলে জানিয়েছেন।
তাদের দাবি, শ্রমিকরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। বেশিরভাগ কারখানা শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। অনেক কারখানায় কাজ পুরোদমে চলছে।
এদিকে শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, কিছু কিছু কারখানা নিরাপত্তার কথা বলে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। বাকি সব কারখানায় উৎপাদন চলছে। সাধারণ ছুটি ঘোষণা করা কারখানাগুলোর শ্রমিক বাসায় ফিরে গেছেন। শিল্পাঞ্চল আশুলিয়া এখন শান্ত।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানার বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, শিল্প পুলিশ ও জেলা পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া চারদিকে মোবাইল, পেট্রোল টিমগুলো চলমান আছে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত।