চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিলো সরকার

চালের দাম সহনীয় রাখতে ও মজুত বাড়তে পণ্যটি আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেদ্ধ চাল ও সেদ্ধ ছাড়া আতপ চাল আমদানির ক্ষেত্রে আরোপণীয় সমুদয় কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে জানিয়ে এনবিআরও জানায়, এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন নিতে হবে।

এর আগে গত ২০ অক্টোবর চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, বিদ্যমান রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ এবং বিদ্যমান পাঁচ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছিল এনবিআর।