রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে: অর্থ উপদেষ্টা

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তি থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বস্তিদায়ক হবে, খেজুর আমদানির জন্য ইতোমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে।

অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মওকুফের প্রভাব সম্পর্কে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অনেক পণ্যের ওপর এ ধরনের শুল্ক মওকুফ করেছে।

তিনি বলেন, পরিস্থিতি স্থিতিশীল নয় -এমন ধারণার সাথে আমি একমত নই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। আমরা আজকে চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি। 

অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এবং কীভাবে আরও আমদানি করা যায় সে বিষয়েও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। 

আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কারণ এই জাতীয় আইটেমও আমদানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর শুল্ক কমিয়েছি। সুতরাং আমাদের একটু ধৈর্য ধরতে হবে। 

চলমান ইস্যুগুলো ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও বাণিজ্যিক ইস্যুতে রাজনীতি আসবে না।