বাজার ব্যবস্থাপনায় সন্তুষ্ট অর্থ উপদেষ্টা

বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। তবে আরো কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি বলেও জানিয়েছেন সালেহ উদ্দিন।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম আরো কমা প্রয়োজন। কিছু মানুষের কষ্ট হচ্ছে সেটা আমরা মানি।

ব্যবসা বাণিজ্য কমে গেছে বলে বেকারত্ব বেড়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিভিন্নখাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।

উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে আলোচনা হয়েছে।

সালেহ উদ্দিন বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণে। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব না।