পাচার ও লুটের টাকায় আলাদা তহবিল হচ্ছে: গভর্নর

সাধারণ আমানতকারী ও দরিদ্রদের ক্ষতিপূরণ দিতে অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ও সম্পত্তি দিয়ে একটি তহবিল গঠন করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, এছাড়া তহবিলের একটি অংশ দিয়ে মেটানো হবে বিভিন্ন ব্যাংকের দায়। 

সোমবার (১৯ মে) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে পাচার করা ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেন গভর্নর। 

পতিত আওয়ামী লীগ সরকারের দূর্নীতি করা টাকার একটা বড় অংশই বিদেশে পাচার হয়েছে। দেশেও আছে স্থাবর ও অস্থাবর সম্পত্তির পাহাড়। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে এখন পর্যন্ত দেশে মোট স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকার। বিদেশে ১৬৪ মিলিয়ন ডলারের স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। 

দেশে বিভিন্ন ব্যাংক একউন্ট, কোম্পানির শেয়ারসহ মোট অস্থাবর সম্পত্তি জব্দ করা গেছে ৪২ হাজার ৬১৪ কোটি টাকার। বিদেশে এর পরিমান ২০ দশমিক ৭৮ মিলিয়ন ডলারের সমমান।

জব্দ করা এই লুটের সম্পদ দেশে ফেরাতে করণীয় সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্দ ইউনূসের সাথে বৈঠক করেন গভর্নর। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই অর্থ ব্যবস্থাপনায় একটি তহবিল গঠন করা হবে। গভর্নর জানান, পাচার করা এসব অর্থ দেশে ফেরাতে এরিমধ্যে বিভিন্ন দেশের সাথে আলোচনা চলছে। এ জন্য ৪ থেকে ৫ বছর সময় লাগতে পারে। 

পাচার হওয়া অর্থ উদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, অর্থ উদ্ধারে আমাদের অগ্রগতি, যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এবং আইনি বাধা দূর করতে সম্ভাব্য কৌশল নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছি।

গভর্নর বলেন, এই ফান্ড ক্ষতিগ্রস্তদের, বিশেষ করে আর্থিক অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের দিতে জনস্বার্থে ব্যবহার করা হবে। তিনি বলেন, তদন্ত বা বিচারাধীন ব্যক্তিদের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকে গচ্ছিত বিপুল পরিমাণ অর্থ জব্দ হয়েছে। এছাড়া যারা পালিয়ে গেছেন বা যাদের বিরুদ্ধে মামলা চলছে আমরা তাদের শেয়ারের নিয়ন্ত্রণ নিয়েছি।

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের দুর্নীতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন প্রতিষ্ঠানটি ৬৫০ কোটি টাকার ই-মানি অনুমোদন করেছে। যা নকল টাকা তৈরির মতোই একটি জালিয়াতি। এ ব্যপারে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।