মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমায় ও আগস্ট থেকে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন বাড়াতে পারে, এমন খবরে তেলের বাজারে স্বস্তি ফিরেছে।
এ পরিস্থিতিতে আজ সোমবার (৩০ জুন) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আগস্ট মাসের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ কমে হয়েছে ৬৭ দশমিক ১১ ডলার। সেপ্টেম্বর চুক্তির দামও ৮৩ সেন্ট কমে দাঁড়িয়েছে ৬৫.৯৭ ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম কমেছে ৯৪ সেন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫৮ ডলারে।
এদিকে, ওপেক প্লাসের চার প্রতিনিধি জানিয়েছেন, মে, জুন ও জুলাই মাসে উৎপাদন বাড়ানোর পর আগস্টে দৈনিক আরও ৪ লাখ ১১ হাজার ব্যারেল উৎপাদনের পরিকল্পনা আছে তাদের। আগামী ৬ জুলাইয়ের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।