চার মাসে রাজস্ব আদায় এক লাখ ১৮ হাজার ১১১ কোটি, প্রবৃদ্ধি ১৪.২ শতাংশ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় হয়েছে এক লাখ ১৮ হাজার ১১১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক দুই শতাংশ। অর্থবছরে আমাদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব আদায় ৩৪ হাজার ৩০৩ কোটি টাকা, স্থানীয় পর্যায়ের মূসক থেকে আদায় ৪৬ হাজার ৩০৪ কোটি টাকা, আর আয়কর ও ভ্রমণ কর থেকে ৩২  হাজার  ৫৯৭ কোটি টাকা আাদায় হয়েছে। স্থানীয় পর্যায়ে মূসকে সবচেয়ে বেশি সাড়ে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। 

যদিও একক মাস হিসেব অক্টোবর মাসে রাজস্ব আদায় কমেছে দুই দশমিক সাত শতাংশ। আদায় হয়েছে ২৭ হাজার ১০৬ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় ৭৪৮ কোটি টাকা কম।

রোববার (১৬ নভেম্বর) এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। তবে বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি গত ১০ নভেম্বর চার হাজার কোটি টাকা বাড়িয়ে এনবিআরের নতুন রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ লাখ তিন হাজার কোটি টাকা নির্ধারণ করেছে। লক্ষ্যপূরণে অর্থবছরের বাকি আট মাসে এনবিআরকে আদায় করতে হবে তিন লাখ ৮৫ হাজার কোটি টাকা।