ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনালী ব্যাংকের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলোকে এখন থেকেই স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে।
তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করেছে, তবে দীর্ঘমেয়াদী সংস্কার ও আগামীর সংকট উত্তরণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই বর্তাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপি ঋণ কমাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে আরও সতর্ক এবং সাহসী হতে হবে। বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে।
রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানি বাণিজ্যে ব্যাংকগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকটির আর্থিক চিত্র তুলে ধরা হয়। বর্তমানে ১ হাজার ২৩৪টি শাখা নিয়ে দেশের শীর্ষ এই ব্যাংকের আমানতের পরিমাণ ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা। এর বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ। তবে চলতি বছরে ১০ হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সোনালী ব্যাংক।