আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কমিশনের আদেশ অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ প্রতি লিটার ১৫৯ দশমিক ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। ঘোষিত দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি গ্রহণসহ বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিইআরসির গত বছরের ১৩ মে জারিকৃত আদেশ নম্বর : ২০২৫/০৮ এর অনুচ্ছেদ ৯ দশমিক ২ অনুযায়ী গত ৫ জুলাই -৪ আগস্ট সময়ে জেট ফুয়েলের প্রকাশিত প্লাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এলসি সেটেলম্যান্ট বিবেচনায় অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে এই মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ জুলাই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৩০ দশমিক ৯৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।
আর দেশি ও বিদেশি এয়ারলাইন্সসমূহের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মুসকছাড়া) শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।