কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি

চলতি বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে ৩২ কোটি ডলারের পোশাক রপ্তানি হারিয়েছে বাংলাদেশ। বছর ব্যবধানে কমেছে সাড়ে ছয় শতাংশ বা ৩২ কোটির ওপরে। অর্থাৎ ২০২৫ সালের একই সময়ে ৪৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হলেও চলতি বছর এসেছে প্রায় ৪৬৬ কোটি।

শনিবার, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

জানুয়ারি থেকে জুলাই মাসে দেশটিতে পোশাকের দাম কমেছে সোয়া ২ শতাংশ। মার্কিন বস্ত্র দপ্তরের তথ্য মতে, শুধু বাংলাদেশ নয়, ভিয়েতনাম, চীন, ভারত, পাকিস্তানের মতো প্রতিযোগিদের অবস্থাও একই। কেননা, ট্রাম্প ট্যারিফের চাপে চাহিদা কমেছে মার্কিনীদের। ফলে ৭ মাসে আমদানি কমেছে প্রায় ৪ বিলিয়ন। যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চীন ও ভারতে।

এদিকে এতকিছুর পরও দিব্বি রপ্তানি বাড়িয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার উদ্যোক্তারা। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ইন্দোনেশিয়ার রপ্তানি ২ দশমিক ৭৬ শতাংশ এবং কম্বোডিয়ার ১০ দশমিক ৪৮ শতাংশ বেড়েছে।

এছাড়া প্রায় সব প্রধান সরবরাহকারী দেশের পোশাকের গড় ইউনিটের মূল্য কমেছে। তার মধ্যে সবচেয়ে বেশি কমেছে চীনের পোশাকের গড় দাম, যা ১৩ দশমিক ২৪ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রেও গড় ইউনিট মূল্য কমেছে ২ দশমিক ২৬ শতাংশ।